ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানায় ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা চালায়। তাদের দাবি, নাইমুদ্দীনের কোনো অপরাধ ছিল না, তবুও তিনি পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন। শিক্ষার্থীরা বলেন, রাস্তাঘাটে পুলিশ কাউকে বিনা কারণে মারবে—এই অধিকার কে তাদের দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? তারা আরও বলেন, ডিসি মো. মাসুদ আলমের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিনটি মূল দাবি উত্থাপন করেছেন। তারা চেয়েছেন, ডিসি মাসুদসহ হামলায় জড়িত প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক; ক্যাম্পাস এলাকার ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করা হোক; এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা হোক। শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে চলমান উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।